সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা সদরের দেবহাটা কলেজের পাশে অবস্থিত রিলাক্স সেন্টার ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা দোকানের এক ছেলে ও এক মহিলা কর্মচারীকে মারধর করে নগদ টাকা লুটপাট ও লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে।
এ ঘটনায় উক্ত দোকানের মালিক উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে জাকির হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে দেবহাটা কলেজে দেবহাটা ও বসন্তপুর গ্রামের ছেলেরা মারামারি করেন। সেই ইস্যুকে কেন্দ্র করে বাদী জাকির হোসেনের রিলাক্স সেন্টারে সাফি (২১) পিতা- মাহমুদ, লিটন (২৪) পিতা- ফজর আলী, বেল্লাল (১৯) পিতা- অজ্ঞাত মাতা- মনু খাতুন, রিয়াজ হোসেন (১৯) পিতা- জামাল উদ্দীন, সর্ব সাং- দেবহাটা, সান (২০) পিতা- আব্দুল আলিম, সাং- মাঘরী, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন এসে দোকানের কর্মচারী ফরহাদ হোসেনকে আক্রমণ করে মারপিট করেন।
এ সময় দোকানের অপর মহিলা কর্মচারী মনিরা ও কর্মচারী মামুন তাদেরকে ঠেকাতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করেন। ঘটনার এক পর্যায়ে আসামিরা দোকানে থাকা টেলিভিশন, মোবাইল সেট, ফ্রিজ, রাইচ কুকারে ভাঙচুর চালান এবং ৮টি স্মার্ট ফোন ও দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ এক লক্ষ ৩৮ হাজার টাকা লুটপাট করে নিয়ে যান।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।